রাজ্যে বিধানসভা নির্বাচনের অন্তিম লগ্নে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩২ সাগর বিধানসভা কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিন বিকেলের দিকে রুদ্রনগর এলাকার ১০৪ নম্বর বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা।
বুধবার সকাল থেকেই ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী। দিনভর বিভিন্ন বুথ পরিদর্শনের আগে সকালে নিজের বাড়িতে বিশেষ পূজা সম্পন্ন করেন তিনি। এরপর এলাকার বেশ কয়েকটি মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে সরাসরি পৌঁছে যান বুথে বুথে। সকাল থেকে কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ভোট পরিস্থিতি খতিয়ে দেখেন।
বিকেল ৪টে নাগাদ রুদ্রনগর খাসমহল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটটি দেন বঙ্কিমচন্দ্র হাজরা। ভোটদান শেষে তিনি বলেন, "মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিচ্ছেন। প্রতিটি বুথে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে তারা মা-মাটি-মানুষের সরকারের পাশেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের মতো রাজ্যে তৃণমূল সরকার গঠন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।"
নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এই হেভিওয়েট প্রার্থী জানান, তিনি ১০০ শতাংশ নিশ্চিত যে সাগরের মানুষ তাকেই ফের বিপুল ভোটে জয়ী করবেন। ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত সাগর দ্বীপের সর্বত্রই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইন এবং ভোটারদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তায় মোড়া সাগরে শেষ পর্যন্ত কোনো অশান্তি ছাড়াই মিটেছে গণতন্ত্রের এই মহোৎসব।


Post A Comment:
0 comments so far,add yours