নির্বাচন যত এগিয়ে আসছে, সাগর বিধানসভার গ্রামগুলোতে রাজনৈতিক পারদ ততই চড়ছে। মঙ্গলবার সকালে নামখানার ফ্রেজারগঞ্জের ২৮২ নম্বর বুথ এলাকায় বিজেপির নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৈরি হলো উত্তেজনা।বাড়ি বাড়ি ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম বিলি ও স্বাক্ষর সংগ্রহকে ঘিরে বচসা এবং ঠেলাঠেলিতে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা প্রার্থী সুমন্ত মণ্ডলের সমর্থনে বাড়ি বাড়ি লিফলেট বিলি করছিলেন। অভিযোগ, সেই লিফলেটে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’র সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, নির্বাচনের ঠিক আগে এভাবে সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ফর্ম ফিলাপ করা বেআইনি এবং এটি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। বিজেপি কর্মী অনিন্দ্য রায় বলেন, "আমরা প্রার্থীর সমর্থনে লিফলেট বিলি করছিলাম। বিজেপি ক্ষমতায় এলে কী কী কাজ করবে তা মানুষের কাছে তুলে ধরছিলাম। কিন্তু তৃণমূলের কর্মীরা অতর্কিতভাবে আমাদের ওপর চড়াও হয় এবং প্রচারে বাধা দেয়। ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি প্রসেনজিৎ জানা পাল্টা অভিযোগ তুলে বলেন, "বিজেপি রাতের অন্ধকারে এবং সকালে লুকিয়ে মহিলাদের ভুল বুঝিয়ে ফর্ম সই করাচ্ছিল। মিথ্যে প্রতিশ্রুতির জাল বুনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ করায় ওরাই আমাদের সাথে ঠেলাঠেলি শুরু করে।"
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের কর্মীরাই এলাকা ছাড়েন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো দলের পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours