দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বুধবার ভগবানপুর বাজারে তৃণমূল কংগ্রেসের একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শংকরপুর ও আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা-নেত্রী।
সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রতিকউর রহমান বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই চায়। এটা আমাদের টিকে থাকার লড়াই নয়, বরং বিজেপির অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে কেন্দ্র করে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, বিজেপি ভোটে জিততে না পেরে এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, যেন ছোট বাচ্চারা মার খেয়ে বাবাকে ডাকে,বিজেপির বাবা এখন নির্বাচন কমিশন।
জয়ের বিষয়ে তৃণমূলের আত্মবিশ্বাস প্রসঙ্গে প্রতিকউর জানান, দলের কর্মীদের মধ্যে কোনও রকম চাপ বা দুশ্চিন্তা নেই। তাঁর কথায়, তৃণমূল কর্মীদের চোখে মুখে আত্মবিশ্বাস স্পষ্ট। তারা জানে, জয় নিশ্চিত। ঠিক যেমন বাঘ শিকার ধরার আগে দু’পা পিছিয়ে আসে, তেমনভাবেই তৃণমূলের কর্মীরা প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, বিজেপিই আসলে আশঙ্কায় ভুগছে এবং ফলাফল নিয়ে অনিশ্চয়তায় রয়েছে।
এদিন রায়দিঘী বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানাকে নিয়েও কটাক্ষ করেন তিনি। নামের সঙ্গে শব্দ খেলা করে বলেন, পলাশ তো এখন আর ফোটে না, পলাশ ঝরে গিয়েছে। রায়দিঘীতে সেই পলাশ আর ফুটবে না।
এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, রায়দিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল, ব্লক সভাপতি মানবীন্দ্র হালদার, শিক্ষার কর্মাধ্যক্ষ সাহানা খাতুন, যুব সভাপতি রাজু পুরকাইত, আবাদ ভগবানপুরের প্রধান জিয়াদ আলী পুরকাইত সহ একাধিক নেতা-নেত্রী।
সভায় প্রচুর সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের দাবি, এই ভিড়ই প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনে রায়দিঘীতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।


Post A Comment:
0 comments so far,add yours