নির্বাচনী উত্তাপ তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। শনিবার বিকেলে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো করলেন টলিউড সুপারস্টার তথা সাংসদ কোয়েল মল্লিক।
রুপোলি পর্দার প্রিয় নায়িকাকে সামনে থেকে দেখতে এদিন রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। শনিবার বেলা ঠিক সাড়ে তিনটে নাগাদ হেলিকপ্টারে করে কাকদ্বীপে পৌঁছান অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। হেলিকপ্টার থেকে নামার পর তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা তাঁকে স্বাগত জানান। এরপরই শুরু হয় বহু প্রতীক্ষিত সেই মেগা রোড শো। হুডখোলা গাড়িতে চড়ে কোয়েল মল্লিক যখন রোড শো শুরু করেন, তখন চারিদিকে শুধুই মানুষের মাথা।
দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারের বাড়ির ছাদ থেকেও মানুষ হাত নেড়ে অভিনেত্রীকে অভিবাদন জানান। মৃদু হেসে এবং হাত নেড়ে কোয়েলও জনতাকে পাল্টা সৌজন্য জানান এবং মন্টুরাম পাখিরাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তারকা প্রচারককে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। জনসমুদ্র সামলাতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের রীতিমতো হিমশিম খেতে হয়।প্রায় দু'ঘণ্টার ঝোড়ো প্রচার সেরে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুনরায় হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কোয়েল মল্লিক। তাঁর এই সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী সফর যে তৃণমূল শিবিরের পালে বাড়তি হাওয়া দিল, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।


Post A Comment:
0 comments so far,add yours