ভোটের বাদ্যি বাজতেই ফের রাজপথে একতারা হাতে নেমে পড়েছেন তিনি। তাঁর লক্ষ্য একটাই— হিংসা নয়, উৎসবের মেজাজে হোক গণতন্ত্রের উদযাপন। পূর্ব বর্ধমানের কৃতি সন্তান তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত এবারও গানকে হাতিয়ার করে পাড়ি দিলেন পাহাড় থেকে সাগর। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ২৩টি জেলা চষে বেড়িয়েছেন তিনি।
উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে জঙ্গলমহল হয়ে আজ তাঁর যাত্রাপথ শেষ হলো দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের কপিলমুনি আশ্রম চত্বরে। এদিন সাগরের বালুকাবেলায় দাঁড়িয়ে মাটির সুরে ভোটারদের সচেতন করার অভিনব উদ্যোগ নিলেন এই শিল্পী। স্বপন বাবু বিশ্বাস করেন, বুলেটের চেয়ে গানের সুর অনেক বেশি শক্তিশালী। তাঁর বাউল গানের কলিতে বারবার ফিরে এসেছে— "ভোট দিন নিজের পছন্দে, কিন্তু লড়াই নয়।" গঙ্গাসাগরে তীর্থযাত্রী ও সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে তিনি বার্তা দেন, শান্তিপূর্ণ নির্বাচন: হিংসা ও অশান্তি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। কোনো প্রলোভন বা ভয় নয়, নিজের অধিকারে নির্ভয়ে ভোট দেওয়া। রাজনৈতিক মতভেদ থাকলেও সামাজিক সংহতি যেন অটুট থাকে।
গঙ্গাসাগরের পুণ্যভূমিতে তাঁর সেই চেনা সুর শুনতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরাও। শিল্পী জানান, এর আগেও একাধিক নির্বাচনে তিনি একইভাবে পথে নেমেছেন। ২৩টি জেলা ঘোরার এই কঠিন লড়াই সার্থক হবে যদি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাজ্যজুড়ে যখন নির্বাচনের উত্তাপ বাড়তে শুরু করেছে, তখন স্বপন দত্তর এই 'শান্তির গান' আমজনতার মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। তবে তাঁর এই ক্লান্তিহীন প্রচেষ্টা ইতিবাচক বার্তাই পৌঁছে দিচ্ছে বাংলার ঘরে ঘরে।


Post A Comment:
0 comments so far,add yours