কোস্ট গার্ডের তাড়া খেয়ে ট্রলার ফেলে পালাল দুষ্কৃতীরা; নামখানা বন্দরে আনা হলো ১৩ টন নিষিদ্ধ সুপারি
সুন্দরবনের জলপথে পাচারের বড়সড় ছক বানচাল করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী । কুলতলির খাড়িতে কমান্ডোদের তাড়া খেয়ে ১৩ টন (১৩,০০০ কেজি) বেআইনি সুপারি-সহ ট্রলার ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা।ওই ট্রলার ও বাজেয়াপ্ত সামগ্রী নামখানা মৎস্য বন্দরে বুধবার নিয়ে আসা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির স্পিডবোট যখন পাচারকারী ট্রলারটিকে ধাওয়া করে, তখন শুরু হয় রুদ্ধশ্বাস উত্তেজনা। এলাকাটি ম্যানগ্রোভ ঘেরা দুর্গম খাঁড়ি হওয়ায় পাচারকারীরা পালানোর চেষ্টা করে।
কোস্ট গার্ডের জওয়ানরা ট্রলারটিকে প্রায় ঘিরে ফেললে, পাচারকারীরা বুঝতে পারে ধরা পড়া নিশ্চিত। সেই সময় পাশে থাকা অন্য একটি দ্রুতগামী ট্রলারে লাফিয়ে উঠে অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দেয় পাচারকারী দলটি।পরিত্যক্ত ট্রলারটি তল্লাশি করে পাওয়া গিয়েছে বস্তা ভর্তি ১৩,০০০ কেজি সুপারি। ট্রলারটিকে টেনে নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এই বিপুল পরিমাণ সুপারির বাজারমূল্য কোটি টাকার ওপরে।সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় বড় সাফল্য। কয়েকদিন আগেই ৩৫ টন সুপারি ধরা পড়েছিল, আর এবার ১৩ টন। কোস্ট গার্ডের মতে, সুন্দরবনের দুর্গম ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পাচারকারীরা নিরাপদ করিডোর তৈরি করতে চাইছে। কিন্তু জওয়ানদের কড়া নজরদারিতে সেই ছক বারবার ব্যর্থ হচ্ছে। পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের সন্ধানে জলপথে তল্লাশি জোরদার করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours