দোল ও গৌরাঙ্গ মহোৎসবের পুণ্যলগ্নে এক অনন্য সাধারণ ছবির সাক্ষী থাকল গঙ্গাসাগরের পুরুষোত্তমপুর। বৃহস্পতিবার স্থানীয় রাধা কৃষ্ণ বালক সংঘের পুজো ও উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে উৎসবে মাতলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। রাজনৈতিক পদের গরিমা সরিয়ে রেখে এদিন তাঁকে দেখা গেল একেবারে ঘরের মানুষের মেজাজে।
এদিনের উৎসবে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রলয় কান্তি দাস, উপপ্রধান সজল কান্তি বারিক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোল উৎসব উপলক্ষে রাধা কৃষ্ণ বালক সংঘের পুজোকে কেন্দ্র করে গোটা পুরুষোত্তমপুর এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল 'নরনারায়ণ সেবা' বা গণ-প্রসাদ বিতরণ। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজেই উদ্যোগী হয়ে উপস্থিত গ্রামবাসীদের হাতে প্রসাদ তুলে দেন। শুধু পরিবেশনই নয়, এরপর তিনি প্রোটোকল ভেঙে সাধারণ গ্রামবাসীদের সঙ্গেই মাটিতে সারিবদ্ধভাবে বসে প্রসাদ গ্রহণ করেন। মন্ত্রীর এই সাদামাটা আচরণ এবং জনসংযোগ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। উৎসব কমিটির সদস্যরা জানান, প্রতি বছরই এখানে ধুমধাম করে দোল ও গৌরাঙ্গ মহোৎসব পালিত হয়। তবে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা যেভাবে নিজের হাতে পরিবেশন করে গ্রামবাসীদের সঙ্গে বসে খেলেন, তা এলাকার মানুষের কাছে এক বড় পাওনা। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো এই পুরুষোত্তমপুরে।


Post A Comment:
0 comments so far,add yours