​গতকাল সকালে প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালির ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ৭:৩০ থেকে ৮টার মধ্যে শ্রীধাম বাজারের কাছে স্কুটিতে চেপে আসা এক দুষ্কৃতী আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ত্রিলোকেশ বাবুকে উদ্ধার করে প্রথমে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে সফলভাবে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বুক থেকে গুলিটি বের করা সম্ভব হয়েছে।

​আজ বিজেপির একটি প্রতিনিধি দল আক্রান্ত নেতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত আততায়ী অধরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours