২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক পারদ চড়ল। সোমবার বকখালি থেকে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে শুরু হলো ‘পরিবর্তন সংকল্প যাত্রা’।


এই কর্মসূচিতে অংশ নিতে এদিন সশরীরে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেত্রী শর্বরি মুখার্জি, মথরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পলাশ রানা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।সোমবার বেলা ১২টা নাগাদ পর্যটন কেন্দ্র বকখালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই যাত্রার সূচনা হয়। বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় সূত্রে খবর, বকখালি থেকে শুরু হওয়া এই সংকল্প যাত্রা নামখানা হয়ে কাকদ্বীপ পৌঁছাবে। যাত্রাপথের বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনই এই যাত্রার মূল লক্ষ্য।

বকখালি থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথ পরিক্রমা শেষ হবে পাথরপ্রতিমায়। সেখানে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিপ্লব দেব। সুন্দরবন এলাকার উন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল।
সামনেই বিধানসভা ভোট, তার আগে মথুরাপুর সাংগঠনিক জেলায় এই যাত্রা বিজেপির ঘর গোছানোর বড় কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মিছিলে বিপ্লব দেবের পাশাপাশি জেলা ও স্থানীয় স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব অংশ নিয়েছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours