যুব সাথী প্রকল্পে ফর্ম জমা দিতে উপচে পড়া ভিড়; সাগর ব্লকে শিবিরের শুভ সূচনা
বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘যুব সাথী’। ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীনদের মাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তার এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া এবার জোরকদমে শুরু হলো দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে। রবিবার রুদ্রনগরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পের শুভ সূচনা করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণ নায়েক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান এবং জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র সহ স্থানীয় নেতৃত্ব। এদিন সকাল থেকেই রুদ্রনগরের ক্যাম্পে ধসপাড়া, সমতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, গঙ্গাসাগর, ধবলাট এবং রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েক হাজার যুবক-যুবতী ভিড় জমান।
নিজেদের নথিপত্র ও আবেদনপত্র জমা দিতে তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আগামী ৫ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ তাঁদের দক্ষতা বৃদ্ধি বা ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, মুখ্যমন্ত্রী সবসময় বাংলার যুবশক্তির পাশে আছেন। সাগরের সাধারণ মানুষের সুবিধার্থেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহজেই নাম নথিভুক্ত করতে পারেন। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আবেদন যাচাইয়ের কাজ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।


Post A Comment:
0 comments so far,add yours