প্লাটিনাম জয়ন্তীতে ভাসল খানসাহেব আবাদ উচ্চ বিদ্যালয়: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত ৭৫তম বর্ষ
সাজ সাজ রব আর উৎসবের আমেজ। দক্ষিণ ২৪ পরগণার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গাসাগরের খানসাহেব আবাদ উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব (২০২৬-২৭) সাড়ম্বরে পালিত হলো। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী মুক্তিপদানন্দ জি মহারাজ। প্রদীপ প্রজ্বলন, জাতীয় পতাকা উত্তোলন এবং বিশেষ কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহকারি সভাপতিস্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য
সন্দীপ কুমার পাত্র, শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব দাস, মহারাজ তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রধান শিক্ষক জয়দেব দাস বিদ্যালয়ের দীর্ঘ ৭৫ বছরের গৌরবময় যাত্রার স্মৃতিচারণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। নাচ, গান এবং নাটকের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পুরানো ছাত্রছাত্রী ও বর্তমান প্রজন্মের মেলবন্ধনে প্লাটিনাম জয়ন্তী উৎসবটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি মিলন উৎসবে পরিণত হয়েছিল। বিদ্যালয়ের এই দীর্ঘ পথচলাকে কুর্নিশ জানিয়ে আগামী দিনের আরও সাফল্যের কামনা করেছেন উপস্থিত অতিথিবৃন্দ।


Post A Comment:
0 comments so far,add yours