উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা করে ঢুকতে শুরু করেছে, রায়দিঘি জুড়ে খুশির হাওয়া মায়েদের!
লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে দেড় হাজার হওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন রায়দিঘির মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করার পরই আজ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। এতদিন যেখানে হাজার টাকা পেতেন মহিলারা, সেখানে দেড় হাজার টাকা হাতে পেয়ে খুশির হাওয়া বইছে গোটা রায়দিঘি জুড়ে।
আজ সকালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেতেই স্থানীয় মহিলারা কোম্পানিরঠেক বাজার ও ব্লক পার্শ্ববর্তী এলাকায় মহিলারা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। মাথায় লক্ষ্মীর ভান্ডারের প্রতীক নিয়ে মিষ্টিমুখ করানো হয়, সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করেন তারা, অনেকেই জানান, মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন, ঠিক সেইভাবেই সকালে অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা পড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।
শুধু মহিলারাই নন, রায়দিঘির রাস্তায় রাস্তায় স্থানীয় বাসিন্দা, টোটো চালক, অটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন মহিলারা। গোটা এলাকাজুড়ে যেন উৎসবের আবহ তৈরি হয়।
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও এখনও পর্যন্ত কোনও রাজ্যেই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করতে পারেনি তারা। বিজেপি যদি সত্যিই চাইত, তবে সারা দেশের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করত। তাঁর অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার মায়েদের ভুল বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তিনি শুভেন্দু অধিকারীকে ভাঁওতাবাজ বলেও কটাক্ষ করেন।


Post A Comment:
0 comments so far,add yours