ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে সবার সামনেই নদীতে ঝাঁপ মৎস্যজীবীর! নিখোঁজ অজয় বাগের সন্ধানে চলছে তল্লাশি
মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের নতুন রেম্প থেকে এডওয়ার্ড ক্রিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন বছর ৪৫-এর মৎস্যজীবী অজয় বাগ। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত মৎস্য বন্দরের কর্মীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবী অজয় বাগের বাড়ি ফ্রেজারগঞ্জের উত্তর শিবপুর এলাকায়। আজ, মঙ্গলবার তাঁর ফিশিং-এ যাওয়ার কথা ছিল। সেই মতো বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের নতুন রেম্পে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ রেম্পের ওপর থেকে নিচে বয়ে চলা এডওয়ার্ড ক্রিক নদীতে ঝাঁপ দেন। চোখের নিমেষে তিনি নদীর স্রোতে তলিয়ে যান।
ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ একটি এফআইবি বোট নিয়ে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি, অজয়ের যে ট্রলারে যাওয়ার কথা ছিল, সেই ট্রলার এবং আরও কয়েকটি লঞ্চ উদ্ধারকাজে যোগ দিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি।
কেন এভাবে সবার সামনে তিনি নদীতে ঝাঁপ দিলেন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। কোনো পারিবারিক অশান্তি না কি অন্য কোনো মানসিক অবসাদ—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours