এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌশুনীর কুসুমতলা এলাকার বটতলা নদীর তীরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে যাওয়ার সময় নদীর ধারে একটি দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে এবং ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ও পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দেহে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি কোথা থেকে এলেন, নদীতে তাঁর মৃত্যু কীভাবে হল এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours