মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভোলবদল গ্রামীণ রাস্তার, সুন্দরবনে ১৮৮৫ মিটার দীর্ঘ কংক্রিট পথের উদ্বোধন

সুন্দরবনবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন এক উন্নয়নের পথ খুলে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সুন্দরবন পর্ষদের উদ্যোগে ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হলো এক দীর্ঘ কংক্রিট রাস্তা। এদিন এই ১৮৮৫ মিটার দীর্ঘ পথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। স্থানীয় শিবপুর নিতাই দলুই-এর বাড়ি থেকে বলাই দাসের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি এতদিন ইটের তৈরি ছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় বর্ষার সময় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। এলাকাবাসীর সেই কষ্টের কথা মাথায় রেখেই প্রশাসন দ্রুত এই রাস্তাটিকে কংক্রিট করার সিদ্ধান্ত নেয়।
 এদিন ফিতে কেটে রাস্তার উদ্বোধন করে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে আমরা বদ্ধপরিকর।" অনুষ্ঠানে পঞ্চায়েতের একাধিক আধিকারিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আধুনিক এই কংক্রিট রাস্তা পেয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, এখন থেকে কৃষিজাত পণ্য পরিবহণ এবং আপৎকালীন যাতায়াত অনেক সহজ হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours