যোগাযোগ বিপ্লব গঙ্গাসাগরে! মালতি মোড় থেকে নজুর বাড়ি, ১২২৫ মিটারের কংক্রিট সড়ক গড়লেন বঙ্কিম হাজরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামীণ উন্নয়নের স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে এবার চমক দেখাল সুন্দরবন বিষয়ক দপ্তর। যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটিয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের চক ফুলডুবি মৌজায় তৈরি হল ১২২৫ মিটার দীর্ঘ অত্যাধুনিক কংক্রিটের রাস্তা। চকফুলডুবি মালতি মোর থেকে শেখ নজুর বাড়ি পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার এই রাস্তার দ্বার উন্মোচন হয়। এই কংক্রিটের রাস্তাটি স্থানীয়দের কাছে ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাস্তাটি চালু হওয়ায় মুড়িগঙ্গা টু পঞ্চায়েতের হাজার হাজার মানুষের যাতায়াত শুধু সহজই হল না, বরং দৈনন্দিন জীবনযাত্রার মান এক লাফে বহু গুণ বৃদ্ধি পেল।
উদ্বোধনের সময় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দৃঢ়তার সঙ্গে বলেন, "সুন্দরবনের প্রতিটি কোণায় উন্নয়নের আলো পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই রাস্তা তার জ্বলন্ত প্রমাণ। যোগাযোগের উন্নতি হলে কৃষি ও অর্থনীতিতে গতি আসবে।"
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জনসভাস্থল থেকেই মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা রাজ্য সরকারের অতি জনপ্রিয় প্রকল্প ‘পাড়ায় সমাধান’-এর অধীনে একাধিক নতুন প্রকল্পের কাজেরও শুভ সূচনা করেন। তিনি জানান, এই প্রকল্পগুলি এলাকার মানুষের তাৎক্ষণিক সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা নেবে।
সুন্দরবনবাসীর এই প্রাপ্তি সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রতি তাদের আস্থা আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


Post A Comment:
0 comments so far,add yours