তাইকোন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সুন্দরবনের জয়: তিন কৃতি পড়ুয়ার ঝুলিতে তিনটি স্বর্ণপদক!

উত্তরপ্রদেশের লখনৌ-এ অনুষ্ঠিত ৩৯তম ওপেন তাইকোন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য এনে দিল সুন্দরবনের সাগরদ্বীপের তিন কৃতী পড়ুয়া। গঙ্গাসাগরের প্রশিক্ষক গৌতম দেবনাথের তত্ত্বাবধানে তাইকোন্ডো প্রশিক্ষণ নিয়ে সাগরদ্বীপের এই তিন রত্ন— সঙ্গীতা পাল, রিয়ান্না মাইতি এবং অনুভব মাল— জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তাদের কঠোর অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে এই তিনজনের ঝুলিতেই এসেছে স্বর্ণপদক। এবং তিনজনেই সিলভার পদকও অর্জন করেছে, যা তার ব্যক্তিগত সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও, রিয়ান্না মাইতি একটি রৌপ্য (সিলভার) পদক লাভ করেছে বলে জানা গেছে।

লখনৌতে অবস্থিত কে.ডি. সিং বাবু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পশ্চিমবঙ্গ মোট সাতটি স্বর্ণপদক পেয়ে সামগ্রিক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। রাজ্যের মধ্যে হুগলি ৪টি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের এই তিন কৃতী শিক্ষার্থী ৩টি স্বর্ণপদক পেয়েছে। সামগ্রিক তালিকায় উত্তর প্রদেশ প্রথম স্থান অধিকার করেছে।
এই সাফল্যে গর্বিত তাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় প্রশাসন। সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় কৃতি ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রত্যন্ত সুন্দরবনের এই জয় প্রমাণ করে দিলো, সঠিক প্রশিক্ষণ ও অনুশীলনে জাতীয় স্তরেও সাফল্য লাভ করা সম্ভব।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours