একদিকে নতুন করে সক্রিয় হয়েছে বর্ষা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা।
সকাল থেকে টানা বৃষ্টিতে বারুইপুর স্টেশনের রেল লাইন জলের তলায়। ট্রেন চলাচল করছে ধীর গতিতে। জলমগ্ন বারুইপুর, সোনারপুর, মহেশতলা, বজবজ পুরসভার একাধিক ওয়ার্ড
। অন্যদিকে সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। প্রাকৃতিক দুর্যোগের জেরে জনজীবন বিপর্যস্ত। জেলার উপকূলে নামখানা এলাকায় শিবনগর আবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। যাতায়াতের রাস্তা জলের তলায়।
জলের তলায় চাষের জমি। বাড়ির উঠোন পর্যন্ত ভাসছে জলে। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার কোন ক্ষেত্রেই বেরোনো যাচ্ছেনা। গ্রামের প্রায় সাতটিরও বেশি পরিবার গৃহবন্দী হয়ে রয়েছে। অন্যদিকে আজ থেকে অমাবস্যার ভরা কোটাল। ফলে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুন। জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। আতঙ্কিত উপকূলের বাসিন্দারা। সুন্দরবনের বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে সতর্কতা প্রচার করা হচ্ছে। বেহাল বাঁধগুলির ওপর নজর রাখছে প্রশাসন। জেলা জুড়ে জারি রয়েছে ঝড় বৃষ্টি। রবিবার পর্যন্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours