মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমরপাড়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করঘেরির কাছে।
এদিন বিকেলে স্কুল থেকে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী টগরি বাউর। উল্টো দিক থেকে পাথর বোঝাই তিনটি ইঞ্জিনভ্যান বেপরোয়াভাবে রেষারেষি করে আসছিল। একটি ইঞ্জিনভ্যান বোলের বাজার রোডে ছাত্রীর সাইকেলে ধাক্কা মারলে ওই ছাত্রী রাস্তায় পড়ে যায়। তার মাথার উপর দিয়ে চলে যায় পাথরবোঝাই অন্য ইঞ্জিনভ্যানের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর। এরপর ওই এলাকা উত্তাল হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
একটি ইঞ্জিনভ্যানের চালককে আটক করেন বাসিন্দারা। অন্য দু'টি ইঞ্জিনভ্যানের চালককে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, স্কুল শুরুর আগে এবং ছুটির সময় এ ধরনের বেপরোয়া যান চলাচল ওই রাস্তায় অবিলম্বে বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশের আশ্বাসে শেষপর্যন্ত বিক্ষোভ উঠে যায়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours