শিশু ও মায়ের সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাগরে অনুষ্ঠিত হলো ‘অঙ্গনওয়াড়ি মিলন সংকল্প অভিযান ২০২৬’। পুষ্টি, স্বাস্থ্য, সচেতনতা ও সুরক্ষিত ভবিষ্যতের বার্তা নিয়ে শনিবার সাগরের বামনখালী বহুমুখী ঘূর্ণিঝড় কেন্দ্রে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

মুরিগঙ্গা-২ অঞ্চলের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার কনভেনার সোমনাথ ভুঁইয়া, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য অরুনাভ দাস, মণ্ডল-১-এর সভাপতি চিন্ময় সাউ-সহ একাধিক নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার মা-বোনেরা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতীকী মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিশুদের আবৃত্তি, নৃত্য-সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের নজর কাড়ে।

কর্মসূচিতে শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জীবনের প্রথম কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, পুষ্টিকর খাবার এবং সঠিক পরিচর্যার প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ মা ও সুস্থ শিশুই একটি সুস্থ সমাজের ভিত্তি। তাই পরিবারস্তর থেকেই পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্যোগে তৈরি পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক স্টল। সেখানে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফল ও ভেষজ উপাদান প্রদর্শন করা হয়। সহজলভ্য উপকরণ দিয়ে কীভাবে পুষ্টিকর খাবার তৈরি করা যায়, সেই বিষয়েও উপস্থিতদের সচেতন করা হয়।

সব মিলিয়ে, বামনখালীতে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে শিশু ও মায়ের স্বাস্থ্য, পুষ্টি এবং সচেতনতার পাশাপাশি একটি সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা উঠে আসে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours