নামখানা: স্বাধীনতার আট দশক পরও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিলেন নামখানার নারায়ণগঞ্জের এক বৃদ্ধ দম্পতি। অবশেষে সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডলের উদ্যোগে তাঁদের জরাজীর্ণ ঘরে জ্বলল বিদ্যুতের আলো। মানবিক এই ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েন ৭৫ বছরের গৌর দাস ও তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী কল্পনা দাস।

নামখানা গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা এই বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে ইন্দিরা গান্ধীর আমলে পাওয়া একটি ছোট জরাজীর্ণ ঘরেই বসবাস করছিলেন। বছর দুয়েক আগে মানসিক ভারসাম্যহীন একমাত্র সন্তানের মৃত্যুতে তাঁরা আরও অসহায় হয়ে পড়েন। বাড়ির আশপাশে বিদ্যুতের খুঁটি পৌঁছালেও অর্থাভাবের কারণে তাঁদের ঘরে মিটার বসেনি। ফলে এতদিন হ্যারিকেন ও ল্যাম্পের ধোঁয়াটে আলোতেই দিন কাটাতে হতো তাঁদের।
শুধু বিদ্যুৎ নয়, ওই বাড়িতে ছিল না শৌচালয় কিংবা শোওয়ার উপযুক্ত খাটও। মাটির মেঝেতেই রাত কাটাতে হতো বৃদ্ধ দম্পতিকে।

এই পরিস্থিতির কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ান সাগর বিধানসভার বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল। তাঁর উদ্যোগে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ওই বাড়িতে নতুন বিদ্যুতের মিটার বসানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিধায়কের উদ্যোগে ঘরে সুইচ বোর্ড ও আলো লাগানোর পাশাপাশি নতুন খাট এবং শৌচালয় তৈরির ব্যবস্থাও করা হয়।

এরপর বিধায়ক সুমন্ত মণ্ডল নিজে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে পৌঁছে সুইচ টিপে বিদ্যুতের আলো জ্বালান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours