বুধবার, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে রায়দিঘী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান চালানো হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও, খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।
অভিযানের সময় বাজারের বিভিন্ন খাবারের দোকান এবং খাদ্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকরা। তল্লাশিতে একাধিক দোকানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য চিহ্নিত করা হয়। পরে সেগুলি ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
পাশাপাশি, ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন রয়েছে কি না, তাও পরীক্ষা করা হয়।
অভিযানে কয়েকটি দোকানে বেশ কিছু সন্দেহজনক ও লেবেলবিহীন খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুত করা, অপরিষ্কার জায়গায় বাসনপত্র ধোয়া, দেওয়াল ও ছাদে ময়লা জমে থাকা এবং রান্না করা খাবার ঢেকে না রাখার মতো অনিয়মও নজরে আসে আধিকারিকদের।
এছাড়াও খাবারে অনুমোদনহীন বা সন্দেহজনক রং ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হয়।
খাদ্যপণ্যের প্যাকেটে এফএসএসএআই নম্বর, উৎপাদনের তারিখ, ‘বেস্ট বিফোর’ এবং ‘এক্সপায়ারি ডেট’-সহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ রয়েছে কি না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা।
অভিযানে অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট একাধিক খাদ্য ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে খাদ্য সুরক্ষা বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। একই সঙ্গে খাদ্য সুরক্ষা নিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও এই ধরনের অভিযান চালানো হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours