আসন্ন ২০২৭ সালের ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে সর্বাঙ্গীন সফল, নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলতে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটিই নতুন সরকারের পরিচালনায় প্রথম গঙ্গাসাগর মেলা। শুধু তাই নয়, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে এই মেলা এবার আন্তর্জাতিক মেলার স্বীকৃতি পেতে চলেছে—এমন ইঙ্গিত মিলতেই উন্মাদনা ও তৎপরতা দ্বিগুণ হয়েছে।
এই বিশেষ প্রেক্ষাপটে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গঙ্গাসাগরের ভাঙনবিধ্বস্ত সমুদ্র সৈকত এবং মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান সরেজমিন পরিদর্শন করলেন।এদিন সমস্ত গুরুত্বপূর্ণ লাইন ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিকরা প্রথমে কচুবেড়িয়া পয়েন্ট ঘুরে দেখেন এবং সেখানে যাতায়াত ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এরপর তারা সরাসরি গঙ্গাসাগর পয়েন্টে পৌঁছে ঐতিহাসিক কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সাম্প্রতিক সময়ে সমুদ্রের আগ্রাসী রূপের কারণে ১ নম্বর থেকে ৬ নম্বর স্নানঘাট পর্যন্ত যে লাগাতার ভয়ংকর ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙন পরিস্থিতি স্বচক্ষে দেখেন এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন আধিকারিকেরা। সৈকত রক্ষা ও পুণ্যার্থীদের সুরক্ষাই যে এই মুহূর্তে প্রশাসনের প্রধান অগ্রাধিকার, তা তাদের পরিদর্শনে স্পষ্ট হয়ে উঠেছে।
সৈকত ও বিভিন্ন পয়েন্ট পরিদর্শনের পর সাগরের বিডিও অফিসে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তৃণমূল সরকার একটানা ১৫ বছর গঙ্গাসাগর মেলা পরিচালনা করার পর রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই প্রথম গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রশাসনের কাছে যেমন একটি বড় চ্যালেঞ্জ, তেমনই এটি একটি মর্যাদার লড়াইও বটে। মেলার প্রস্তুতিতে যাতে কোনো রকম ফাঁকফোকর বা খামতি না থাকে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।প্রতিবছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় অংশ নিতে আসেন। এ বছর আন্তর্জাতিক স্বীকৃতির সম্ভাবনা থাকায় ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পবিত্র স্নান সেরে নিরাপদে নিজেদের বাড়ি ফিরতে পারেন, তার জন্য একাধিক নতুন, আধুনিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সবমিলিয়ে, আগামী ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে এক ঐতিহাসিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এখন থেকেই চরম ব্যস্ততা ও তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনের অন্দরে।


Post A Comment:
0 comments so far,add yours