দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর এলাকায় মিলন সেতু সংলগ্ন নদীর চর থেকে দুটি বোমা উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সুতার বাক নদীর উপর দিগম্বরপুর ও শ্রীনারায়ণপুর-পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মিলন সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ ও যানবাহন যাতায়াত করেন। বুধবার সকালে সেতুর ঢালে সুতলি জড়ানো দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান এক ব্যবসায়ী গৃহবধূ। বিষয়টি না বুঝেই তিনি সেগুলি হাতে তুলে রাস্তার ধারে ঢালে ফেলে দেন। পরে তাঁর ছেলেরাও সেগুলি তুলে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা সতর্ক হয়ে দুটি বস্তু নদীর চরে ফেলে দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। ততক্ষণে নদীতে জোয়ার আসায় বোমা দুটি জলের মধ্যে ডুবে যায়। পরে প্রশাসনের কর্মীরা জলে নেমে বালতি ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে কাদা থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
বোমা দুটি কোথা থেকে এল এবং কারা সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়ার আগে বোমা দুটিকে না বুঝে একাধিকবার হাতে নেওয়া হলেও কোনও দুর্ঘটনা না ঘটায় স্বস্তি স্থানীয়দের। ঢোলাহাট থানার পুলিশের দ্রুত তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা।


Post A Comment:
0 comments so far,add yours