কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুব্রত ভূঁইয়া (বাড়ি গঙ্গাসাগরের মনসা দ্বীপ এলাকা)। পরিজনদের সূত্রে জানা গিয়েছে, সরকারি আবাস যোজনার প্রথম দুই কিস্তির ১ লক্ষ ২০ হাজার টাকা পেলেও বাড়ি সম্পূর্ণ করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি।
বাধ্য হয়ে স্ত্রী ও সন্তানকে রেখেই কেরালায় রাজমিস্ত্রির কাজে পাড়ি দেন সুব্রত। সেখানেই কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ-তে তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ট্র্যাজেডিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। এদিকে কেরালার হাসপাতাল থেকে মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর এবং শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শোকস্তব্ধ পরিবারটির সঙ্গে দেখা করতে যান সাগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
তিনি শোকাগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার বার্তা দেন। পরিবারটিকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্যের পাশাপাশি সুব্রতর ছোট ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। সরকারের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব যেভাবে এই বিপদের দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার।


Post A Comment:
0 comments so far,add yours