অমাবস্যার ভরা কোটালের জেরে উত্তাল হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে ধাক্কা মারল সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ। বুধবার বেলা সাড়ে ১০টা নাগাদ ডায়মন্ড হারবারের নুরপুর ফেরিঘাটের কাছে ঘটনাটি ঘটে।


‘নাওতাভুম’ নামে কন্টেনার বোঝাই জাহাজটি কলকাতা বন্দরের দিকে যাওয়ার সময় আচমকা নুরপুর ফেরিঘাটের পল্টনের পাশের নদীতটে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। সেই সময় নদীতে ভরা জোয়ার চলছিল। ফেরিঘাটে কোনও যাত্রীবাহী লঞ্চ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে বাঁধে ফের ফাটল দেখা দিয়েছে। 


নুরপুর থেকে কুঁকড়াহাটি, গেঁওখালি ও গাদিয়াড়ার মধ্যে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করেন। স্থানীয়দের অনুমান, জোয়ারের জলস্তর বেড়ে যাওয়ায় দিকনির্দেশে সমস্যা হয়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘক্ষণ নদীতটেই দাঁড়িয়ে থাকে জাহাজটি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours