ধান রোপণের বজ্রপাতে এক মহিলা কৃষিশ্রমিকের মৃত্যু হল এবং গুরুতর আহত হলেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর শীতরামপুর এলাকায়। মৃতার নাম পূর্ণিমা জানা (৫০)। 


আহতরা হলেন শেফালী দাস, সুপ্রিয়া জানা ও শম্ভু জানা। তাঁদের সকলের বাড়ি স্থানীয় গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বৃষ্টির মধ্যেই জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন ওই চারজন। সেই সময় আচমকাই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই পূর্ণিমা দেবীর মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে বাকি তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
শব্দ শুনে পাশের জমির অন্যান্য কৃষকরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের তড়িঘড়ি ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত কৃষকরা। খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। স্থানীয় এলাকায় এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours