দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত সাগর ব্লকে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালনের পর অবশেষে মুর্শিদাবাদ জেলায় বদলি হলেন বিডিও কানাইয়া কুমার রাও। তাঁর এই বদলির খবর সামনে আসতেই সাগর ব্লকের প্রশাসনিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও তাঁর কাজের প্রতি সম্মান প্রদর্শনের ছবি ধরা পড়েছে।
দীর্ঘ কার্যকালে দ্বীপ অঞ্চলের উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে তাঁর সদর্থক ভূমিকার কথা স্মরণ করে সাগর ব্লকের বিজেপি নেতৃত্ব। তাঁর বিদায়লগ্নে সাগর ব্লকের জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব ও বিভিন্ন মণ্ডলের সভাপতিরা একত্রিত হয়ে বিডিও কানাইয়া কুমার রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের স্বার্থে এবং এলাকার সার্বিক উন্নয়নে বিডিও সাহেবের প্রশাসনিক দক্ষতা ও সহযোগিতা সর্বদা প্রশংসনীয় ছিল। পুণ্যভূমি গঙ্গাসাগরের মতো একটি ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং ব্লকে তাঁর এই দীর্ঘ ও সফল কার্যকাল এলাকাবাসী ও প্রশাসন উভয়ের জন্যই স্মৃতির পাতায় থেকে যাবে। নতুন কর্মক্ষেত্রে তাঁর সাফল্য কামনা করে গেরুয়া শিবিরের পক্ষ থেকেও তাঁকে বিদায়ী সম্মান জানানো হয়।


Post A Comment:
0 comments so far,add yours