বকখালি, পর্যটন কেন্দ্র বকখালির পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা সরকারি জমিতে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে বকখালিতে পর্যটক ও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বাসস্ট্যান্ডের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই এই দাবি উঠছিল।
এদিন এলাকার বিধায়ক সুমন্ত মণ্ডল আরটিও (RTO), পূর্ত (PWD) এবং পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সম্ভাব্য স্থানগুলি পরিদর্শন করেন। তিনি জানান, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে একটি সুপরিকল্পিত ও আধুনিক বাস টার্মিনাল গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই পরিদর্শন।
বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, বকখালিকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুধু সমুদ্রসৈকত নয়, পর্যটকদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক পরিকাঠামো গড়ে তুলেও বকখালির পর্যটনকে নতুন মাত্রা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে এবং বকখালির সামগ্রিক পর্যটন ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।


Post A Comment:
0 comments so far,add yours