স্বাধীন বাংলা সিনেমায় নতুন সংযোজন ‘Get Up Kingshuk’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। কলকাতার নন্দন-II প্রেক্ষাগৃহে প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। শনিবারের শো সম্পূর্ণ হাউসফুল হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

ছবিটির বিশেষ আকর্ষণ, পরিচালক নন্দন ঘোষ, প্রযোজক দীপান্বিতা দাস এবং চিত্রগ্রাহক অর্ণব কর—তিনজনই কাকদ্বীপের বাসিন্দা। ফলে ছবিটি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস রয়েছে এলাকার মানুষের মধ্যেও। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাহির রাজ।
মুক্তির আগেই ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এ মনোনীত হওয়ায় ছবিটি চলচ্চিত্র মহলের নজর কেড়েছিল। মুক্তির পর দর্শকদের একাংশের বক্তব্য, গল্প বলার ধরন, অভিনয়, চিত্রগ্রহণ এবং নির্মাণশৈলী ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে "হৃদয়ছোঁয়া", "সতেজ" এবং "অন্যরকম বাংলা সিনেমা" বলে উল্লেখ করেছেন।

স্বাধীন বাংলা ছবির জন্য এমন দর্শক সাড়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন চলচ্চিত্রপ্রেমীদের একাংশ। একই সঙ্গে কাকদ্বীপের মতো একটি ছোট শহর থেকে উঠে আসা চলচ্চিত্রকর্মীদের এই সাফল্য স্থানীয়দের কাছেও গর্বের বিষয় হয়ে উঠেছে।

রবিবারও নন্দন-II-এ ছবিটির প্রদর্শনী রয়েছে। নির্মাতাদের আশা, দর্শকদের মুখে মুখে প্রচার আরও বাড়বে এবং আগামী দিনেও ছবিটি একইভাবে দর্শকদের ভালোবাসা পাবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours