দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে এক বিজেপি কর্মীকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে মারধরের অভিযোগ উঠলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। 


অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত পারুলিয়া মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। জানা যায়, শনিবার দুপুরে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক জাতীয় সড়কের উপর বসে পড়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজদীপ ব্যানার্জি নামে এক বিজেপি কর্মীকে হরিণডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ ধরে মারধর করা হয়। আরও অভিযোগ, অভিযুক্তরাই তাঁর মাথার ক্ষতস্থানে সেলাই করে এবং ইনজেকশন দেয়। পাশাপাশি ঘটনাটি যাতে বাইরে প্রকাশ না পায়, সেই উদ্দেশ্যে রাজদীপের পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। গুরুতর আহত অবস্থায় রাজদীপ ব্যানার্জিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছে বলে জানা গিয়েছে ।


 ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ঘন্টাখানেক ধরে জাতীয় সড়ক অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

ডায়মন্ড হারবার থেকে মুন্না সরদারে কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours