বকখালিতে পরিবার নিয়ে বেড়াতে এসে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। রবিবার বিকেলে ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম বিপ্লব সরকার, বাড়ি কলকাতার যাদবপুরের মুকুন্দপুর এলাকায়।
জানা গিয়েছে, স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে শনিবার বকখালিতে বেড়াতে এসেছিলেন বিপ্লব সরকার। রবিবার বিকেলে বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বকখালি থেকে নামখানার দিকে একটি দ্রুতগতির টোটোতে রওনা দেন তাঁরা। টোটোটিতে চালক-সহ মোট আটজন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিপ্লব সরকার চালকের পাশের আসনে বসেছিলেন।
ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে একটি বাঁক ঘোরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। দুর্ঘটনায় চালকের পাশে বসে থাকা বিপ্লব সরকার ছিটকে রাস্তায় পড়ে যান এবং উল্টে যাওয়া টোটোটির নিচে চাপা পড়েন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে টোটোর নিচে আটকে পড়া বিপ্লব সরকার-সহ আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফ্রেজারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় টোটোর অন্যান্য যাত্রীরাও আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও, সেই সফর শেষ হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। স্ত্রী ও ছোট্ট মেয়ের চোখের সামনেই বিপ্লব সরকারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
বকখালি থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours