উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। এরই মধ্যে ফের বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বকখালি উপকূল থেকে প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় 'এফ বি আলফাতে' নামে একটি মাছ ধরার ট্রলারের পাটাতন হঠাৎ ফেটে যায়। মুহূর্তের মধ্যে ট্রলারের ভিতরে দ্রুত জল ঢুকতে শুরু করলে সেটি ডুবে যায়।
সেই সময় আশেপাশে মাছ ধরতে থাকা অন্যান্য ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামেন। তাঁদের তৎপরতায় ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে।
তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে খবর, ট্রলারটিকে উদ্ধারের জন্য জোরকদমে চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা চরম ঝুঁকির মুখে পড়ছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এই দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে উপকূলবর্তী মৎস্যজীবী মহলে।


Post A Comment:
0 comments so far,add yours