দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। রথযাত্রার পবিত্র তিথিতে ধুমধাম করে দুর্গাপূজার খুঁটিপুজো সম্পন্ন হলো সাগর ব্লকের কমলপুর গ্রামে। এই গ্রামে আগে কখনো দুর্গাপূজা হতো না, তাই এবারই প্রথম আয়োজিত হতে চলেছে নতুন এই দুর্গোৎসব।
এদিন প্রথা মেনে নারকেল ফাটিয়ে খুঁটিপুজোর শুভ সূচনা করেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। কমলপুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির এই প্রথম বর্ষের পদযাত্রায় উদ্যোক্তারা বিশেষ চমক রেখেছেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর থিম— ‘চাষির ঘরে দুর্গা’।
গ্রামবাংলার কৃষি সংস্কৃতি ও অন্নদাতাদের সম্মানেই এই বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। নতুন এই পুজোকে কেন্দ্র করে কমলপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামবাসীর দীর্ঘদিনের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলায় খুশি পুজো কমিটির সদস্যরাও। এলাকার সাধারণ মানুষের আশা, প্রথম বর্ষের এই পুজো আগামী দিনে বড় আকার ধারণ করবে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। খুঁটিপুজোর দিন থেকে শুরু হওয়া এই উৎসবের প্রস্তুতি এখন থেকেই জোরকদমে শুরু হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours