গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা: শতবর্ষের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বামুনখালিতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঐতিহ্যবাহী রথযাত্রা। এ বছর এই প্রাচীন রথযাত্রা ১০৬ বছরে পদার্পণ করল, যা ঘিরে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
বুধবার বিকেল থেকেই রথযাত্রাকে কেন্দ্র করে বামুনখালি এলাকায় ভক্তদের ভিড় জমতে শুরু করে। শুভক্ষণে শত শত মানুষ একসঙ্গে ভক্তিভরে রথের রশিতে টান দেন। হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি এবং "জয় জগন্নাথ" ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে রথযাত্রা উৎসব পরিণত হয় এক মিলনমেলায়।
স্থানীয়দের মতে, বামুনখালির এই রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কয়েক প্রজন্ম ধরে চলে আসা এলাকার গৌরব ও ঐতিহ্যের প্রতীক। প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে বহু মানুষ এই ঐতিহাসিক রথযাত্রার সাক্ষী হতে উপস্থিত হন।
রথযাত্রাকে ঘিরে এলাকায় নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ভক্তদের জন্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের রথযাত্রা সম্পন্ন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। ১০৬ বছরের এই ঐতিহ্য আগামী দিনেও একইভাবে অটুট থাকবে বলেই আশাবাদী সকলেই।
গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours