১১৭ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত কাকদ্বীপের বাজবরণতলা স্টপেজ থেকে ভেতরের রাস্তায় কিছুটা এগোলেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। এই ব্রিজটি বাজবরণতলা ও কৈলাসনগর এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী অন্যতম প্রধান পথ। দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল অবস্থায় থাকায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা।

স্থানীয়দের দাবি, আগে এই জায়গায় একটি কাঠের পুল ছিল। সেই পুলই ছিল বাজবরণতলা থেকে কৈলাসনগরে যাতায়াতের প্রধান ভরসা। পাশাপাশি এই পথ ব্যবহার করে বহু ছাত্রছাত্রী দ্বারিকানাথ স্কুল-সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতেন।

প্রায় দেড় বছরেরও বেশি সময় আগে কাঠের পুলের পরিবর্তে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারি সংক্রান্ত সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ হয়নি। ফলে পুরনো কাঠের পুলের কাঠ ব্যবহার করে পাশেই একটি অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা হয়, যেখানে শুধুমাত্র হেঁটে চলাচল সম্ভব ছিল।
বর্তমানে নতুন ব্রিজের মূল কাঠামো তৈরি হলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ব্রিজ সংলগ্ন কংক্রিটের রাস্তার একটি অংশ ভেঙে খালে নেমে যাওয়ায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রতিদিন বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় মানুষ।

তবে বর্তমানে ব্রিজ নির্মাণের কাজ পুনরায় শুরু হয়েছে। এলাকাবাসীর আশা, দ্রুত কাজ শেষ হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটবে। একসময় যেখানে কাঠের পুলই ছিল দুই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা, সেখানে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ব্রিজের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তবে চলমান নির্মাণকাজ শেষ হলে সমস্যার স্থায়ী সমাধান হবে বলেই আশাবাদী স্থানীয়রা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours