বর্ষার মরশুম শুরু হতেই ফের কপালে চিন্তার ভাঁজ গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। প্রতি বছরের মতো এবারও সাগরের বিভিন্ন জায়গায় নদী বাঁধের বেহাল দশা ও ভাঙন নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। নদী ভাঙন আর বাঁধ উপচে নোনা জল ঢোকার আশঙ্কায় কার্যত ত্রস্ত এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে খবর, সাগরের একাধিক জায়গায় নদী বাঁধ অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। বিশেষ করে যেখানে বাঁধে ফাটল ধরেছে বা মাটি সরে গেছে, সেখানে সামান্য জোয়ারের জলেই বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়। বর্ষার ভরা কোটাল আর দুর্যোগের ভ্রুকুটি থাকলে এই আতঙ্ক বহুগুণ বেড়ে যায়। সাধারণ মানুষের কথায়, "নদীর পাড়ে বাস, তাই আমাদের চিন্তা বারো মাস। কিন্তু বর্ষার সময় এই চিন্তা আতঙ্কে রূপ নেয়।"

কৃষি জমি ও বসতভিটা হারিয়ে ফেলার ভয়ে থাকা গ্রামবাসীরা জানিয়েছেন, বারংবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও স্থায়ী সমাধানের দেখা মেলেনি। বর্তমানে যে বেহাল দশা দেখা যাচ্ছে, তাতে জরুরি ভিত্তিতে মেরামত না হলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবারো আর্জি জানিয়েছেন এলাকাবাসী। এখন দেখার, দুর্যোগ ঘটার আগেই নড়েচড়ে বসে প্রশাসন কি কোনো কার্যকর পদক্ষেপ নেয়, নাকি ফের ভাঙনের গ্রাসে পড়তে হয় সর্বস্বান্ত মানুষকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours