আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাগর মণ্ডল-৪-এ আয়োজিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। 'পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান' কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব।
এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের সংগঠন মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিভাগীয় কনভেনার দীপঙ্কর জানা, সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল এবং মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব অনুপম ঘোষ সহ সাগর মণ্ডল-৪-এর অন্তর্গত জেলা, মন্ডল ও বুথ স্তরের সমস্ত কার্যকর্তারা। প্রশিক্ষণ শিবিরে বক্তারা সংগঠনের শিকড়কে মজবুত করার উপর বিশেষ জোর দেন।
অমিতাভ চক্রবর্তী কার্যকর্তাদের আগামী দিনের পথ চলার রূপরেখা তৈরি করে দেন এবং আদর্শগত দিক থেকে দলকে শক্তিশালী করার বার্তা দেন। মন্ত্রী দীপঙ্কর জানা এবং বিধায়ক সুমন্ত মন্ডল স্থানীয় স্তরে জনসম্পর্ক বৃদ্ধির ওপর আলোকপাত করেন।
উপস্থিত নেতৃত্বরা জানান, বুথ স্তরে দলের ভিত্তি সুদৃঢ় করাই এই অভিযানের মূল লক্ষ্য। সাংগঠনিক শৃঙ্খলার পাশাপাশি জনমুখী কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এদিনের এই বিশাল প্রশিক্ষণ শিবির ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে, যা আগামী দিনে সাগর অঞ্চলে গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Post A Comment:
0 comments so far,add yours