বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পরিবেশ দূষণমুক্ত রাখতে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল সাগর ব্লক প্রশাসন। রবিবার গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় এবং স্থানীয় স্কুলের পড়ুয়ারা।
ভারত সরকারের ‘ফিট ইন্ডিয়া’ (Fit India) অভিযানের মূল লক্ষ্যকে সামনে রেখে এদিনের এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান যুগে যানবাহন থেকে নির্গত ধোঁয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। একমাত্র সাইকেলই হলো দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব যান, যা একইসঙ্গে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীরা সাইকেল চালিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেয়। বিডিও জানান, "নিজেকে সুস্থ রাখতে এবং পৃথিবীকে দূষণমুক্ত রাখতে সাইকেলের কোনো বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের মাধ্যমে আমরা এই বার্তাটিই সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে চাই।" ব্লক প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।


Post A Comment:
0 comments so far,add yours