বছরভর পুণ্যার্থীদের আনাগোনা থাকলেও, প্রতি বছরের ন্যায় এবারও পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে মহোৎসবে সেজে উঠছে সাগরদ্বীপ। ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে শুরু করেছে।
কপিল মুনির আশ্রমে পুজো দেওয়া এবং সমুদ্রের পবিত্র জলে স্নান করে পুণ্য অর্জনের এই সনাতন ধারা এবার এক নতুন মাত্রা পেতে চলেছে। রাজ্যের বর্তমান সরকার পরিবর্তনের পর থেকেই গঙ্গাসাগর মেলাকে ‘আন্তর্জাতিক মেলা’ হিসেবে মর্যাদা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, খুব শীঘ্রই গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেই লক্ষ্যেই এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রশাসনিক পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়নের কাজ।
তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই স্বীকৃতির জন্য কেন্দ্রের কাছে বহুবার আবেদন জানানো হয়েছিল, যা অধরাই থেকে গিয়েছিল। তবে বর্তমান সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গঙ্গাসাগর মেলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়টি এখন কার্যত নিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক স্বীকৃতি মিললে এই মেলা যে পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্পর্শ করবে, তা বলাই বাহুল্য। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সাগরদ্বীপ বাঁশি থেকে পুণ্যার্থীরা।


Post A Comment:
0 comments so far,add yours