দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার পাথরপ্রতিমায় ফের দেখা দিল কুমির আতঙ্ক। বারবার লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। সম্প্রতি পাথরপ্রতিমার কে-প্লট এলাকার বামুনের ঘাট সংলগ্ন একটি পুকুরে বিশালাকৃতির একটি কুমির ঢুকে পড়ে। 

কুমিরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। দীর্ঘ সময়ের চেষ্টার পর কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রামপঞ্চায়েতের ক্ষেত্রমোহনপুর এলাকার বৈদ্যনাথ গিরির ঘাটে মর্মান্তিক এক ঘটনা ঘটে। নদীর ধারে নৌকার দড়ি বাঁধার সময় হঠাৎ একটি বড় কুমিরের হামলায় প্রাণ হারান ৩৬ বছর বয়সি এক যুবক, মধু গিরি। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
স্থানীয়দের দাবি, সুন্দরবনের নদী ও খাঁড়ি সংলগ্ন এলাকায় প্রায়শই কুমির লোকালয়ে ঢুকে পড়ছে। কখনও পুকুরে, কখনও নদীর ঘাটে কুমিরের দেখা মিলছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথরপ্রতিমার বাসিন্দারা। বিশেষ করে নদীতে মাছ ধরা, মধু সংগ্রহ বা দৈনন্দিন কাজে নদীর ধারে যেতে বাধ্য হওয়া মানুষজন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী ও জলাশয়ের ধারে একা না যাওয়া এবং কুমির দেখতে পেলে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। বারবার কুমিরের উপদ্রব ও প্রাণহানির ঘটনায় সুন্দরবনের মানুষজনের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours