আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য প্রস্তুতি তুঙ্গে গঙ্গাসাগরে। এবারের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে পুণ্যভূমি গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনে।
এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে দফায় দফায় প্রশাসনিক বৈঠক চলছে জেলা জুড়ে।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পরিদর্শনে আসেন এসডিও নিশীথ ভাস্কর পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। মূলত অনুষ্ঠানের জায়গা চিহ্নিত করা এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনা সুনিশ্চিত করতেই এই পরিদর্শন।
প্রশাসন সূত্রে খবর, আন্তর্জাতিক যোগ দিবসে প্রায় ৩০০০ মানুষ একত্রে যোগাসনে অংশ নেবেন। অতীতে এমন বড় মাপের আয়োজনের জন্য যথাযথ জায়গা বাছাই এবং অংশগ্রহণকারীদের সুবিধার্থে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। এসডিও নিশীথ ভাস্কর পাল জানান, যোগ দিবসকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। সব মিলিয়ে সাগরদ্বীপের এই বিশেষ আয়োজনে এখন সাজ সাজ রব।


Post A Comment:
0 comments so far,add yours