গঙ্গাসাগরগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBSTC)। কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেল সরবরাহ অনিয়মিত হওয়ার কারণে গঙ্গাসাগর রুটের ভেসেল পরিষেবা সাময়িকভাবে অনিয়মিত ভাবে চলবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভেসেল পরিচালনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। অতএব যাত্রীদের কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রার পরিকল্পনা করার প্রয়োজন।
WBSTC-এর তরফে যাত্রীদের উদ্দেশে আবেদন করা হয়েছে, এই সাময়িক সমস্যার সময় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে। বিশেষ করে গঙ্গাসাগর যাত্রায় যাঁরা ভেসেল পরিষেবার উপর নির্ভরশীল, তাঁদের সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য জেনে নিয়ে যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, কাকদ্বীপ-লট ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল পরিষেবা প্রতিদিন হাজার হাজার যাত্রীর একমাত্র ভরসা। তাই তেল সরবরাহজনিত এই সাময়িক সমস্যার প্রভাব যাত্রী পরিষেবায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেই আশাবাদী পরিবহন দফতর।


Post A Comment:
0 comments so far,add yours