গঙ্গাসাগর, ২০ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের প্রাক্কালে আজ গঙ্গাসাগরের সমুদ্রতটে আয়ুস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশেষ যোগা কর্মসূচির আয়োজন করা হয়। ‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর’ পর্যন্ত যোগা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল উদ্দেশ্য হল গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। আগামীকাল আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই কর্মসূচি ছিল তারই প্রারম্ভিক পর্ব।
আজকের অনুষ্ঠানে কয়েকশো কিশোর-কিশোরী, তরুণ-তরুণী এবং স্থানীয় প্রবীণ নাগরিকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। গঙ্গাসাগরের মনোরম সমুদ্রতটে একসঙ্গে যোগাভ্যাসের মধ্য দিয়ে সুস্থতা ও পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টাল থানার এক পুলিশ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর ব্লকের ভারতীয় জনতা পার্টির নেতা ও কর্মী অরুণাভ দাস, শিব শংকর কামিলা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমুদ্রের ঢেউয়ের শব্দ আর শতাধিক মানুষের সম্মিলিত যোগাভ্যাসে আজ গঙ্গাসাগরের সমুদ্রতটে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারও গ্রহণ করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours