দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে বিজেপি শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। শ্রীধাম বাজারে বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজু মণ্ডল এবং তাঁর এক সঙ্গীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপিরই ৪ নম্বর মণ্ডলের সভাপতি পিনাক্ষী মণ্ডলের বিরুদ্ধে। 

এই ঘটনায় আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজু মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
আহত রাজ্য কমিটির সদস্য রাজু মণ্ডলের অভিযোগ, বিজেপির নাম ভাঙিয়ে ৪ নম্বর মণ্ডলের সভাপতি পিনাক্ষী মণ্ডল এলাকায় তোলাবাজি চালাচ্ছেন। রাজু মণ্ডলের দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই পিনাক্ষী মণ্ডল এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এই অন্যায়ের প্রতিবাদ করায় পিনাক্ষী মণ্ডল এদিন তৃণমূলের বেশ কিছু লোকজন নিয়ে এসে তাঁর ওপর চড়াও হন। পিনাক্ষীর উপস্থিতিতেই তাঁদের ওপর নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ রাজু মণ্ডলের।

এই ঘটনায় দলের একাংশের কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মণ্ডল সভাপতি ও তাঁর সঙ্গীদের কঠোর শাস্তির দাবিতে ইতিমধ্যেই গঙ্গাসাগর কোস্টাল থানার সামনে ভিড় করেছেন বিজেপির পুরোনো কর্মী-সমর্থকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দলেরই এক উচ্চপদস্থ নেতাকে এভাবে আক্রান্ত হতে দেখে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপি নেতৃত্বের অন্দরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতি পিনাক্ষী মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours