সাগর বিধানসভার ভোটযুদ্ধ এবার তারকালোকে। তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে রবিবার নামখানায় প্রচারের ঝড় তুললেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী জুন মালিয়া এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 


হেলিকপ্টার থেকে শুরু করে হুডখোলা গাড়ি—এদিন নামখানা থেকে সাতমাইল পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়ক কার্যত তৃণমূল কর্মী-সমর্থকদের দখলে ছিল।এদিন বেলা ১২টা নাগাদ নামখানা কলেজ মাঠে হেলিকপ্টারে করে এসে পৌঁছান জুন মালিয়া ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁদের একঝলক দেখতে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় মাঠ চত্বরে। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য রোড শো। একটি হুডখোলা গাড়িতে চড়ে জুন ও পরমব্রত যখন নামখানার সাতমাইল বাজারের দিকে এগোচ্ছিলেন, তখন দুপাশে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শয়ে শয়ে টোটো এবং বাইক নিয়ে কয়েক হাজার কর্মী-সমর্থক এই র‍্যালিতে সামিল হন, যার ফলে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।


সাতমাইল বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জুন মালিয়া বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, "আজকের এই জনজোয়ারই বলে দিচ্ছে বঙ্কিম হাজরা এবার রেকর্ড মার্জিনে জিতবেন। বিজেপি নেতারা ভয় পেয়ে গিয়েছেন, তাই নিজেদের রাজ্য ছেড়ে এখন পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়েছেন। কিন্তু বাংলার মানুষ জানেন কাদের ওপর ভরসা করতে হয়।" পরমব্রত চট্টোপাধ্যায়ও নামখানার মানুষের প্রতি উন্নয়নের ধারার সাথে থাকার আবেদন জানান।
তারকাদ্বয় বিদায় নেওয়ার পরও র‍্যালি থামেনি। সাতমাইল থেকে বকখালি পর্যন্ত সেই বিশাল মিছিলের নেতৃত্ব দেন স্বয়ং প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি-সহ শীর্ষ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই বিশাল শক্তি প্রদর্শন বিরোধীদের কাছে বড় বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours