ফ্রেজারগঞ্জে ‘জনজোয়ার’; বকখালি বাসস্ট্যান্ডে বঙ্কিম হাজরার মিছিলে নারীশক্তির জয়জয়কার! ২০২৬-এর লড়াইয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রহর গুনছে সুন্দরবন। শুক্রবার বিকেলে সাগরের তৃণমূল প্রার্থী তথা প্রবীণ নেতা বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে ফ্রেজারগঞ্জ এলাকায় আছড়ে পড়ল মানুষের ঢল। বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবের মেজাজে এদিন কার্যত ‘পাওয়ার শো’ করল তৃণমূল কংগ্রেস।
এদিনের মিছিলের সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল মহিলাদের উপস্থিতি। ফ্রেজারগঞ্জের ক্লাব ঘর বাসস্ট্যান্ড থেকে যখন পদযাত্রা শুরু হয়, তখন দেখা যায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে প্রার্থীর সমর্থনে স্লোগান দেন। বঙ্কিমবাবু নিজে হাসিমুখে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন।
প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে এই বর্ণাঢ্য শোভাযাত্রা গিয়ে পৌঁছায় পর্যটন কেন্দ্র বকখালি বাসস্ট্যান্ডে। সেখানে এক কর্মী সভায় বক্তব্য রাখেন বঙ্কিমচন্দ্র হাজরা। স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে তিনি এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং কেন তৃণমূলকে পুনরায় জেতানো দরকার, সেই ব্যাখ্যা দেন। বকখালির পর্যটন শিল্প এবং মৎস্যজীবীদের সমস্যা নিয়ে আগামী দিনে তাঁর পরিকল্পনার কথা এদিন উঠে আসে তাঁর বক্তৃতায়। 

সাগর বিধানসভায় এবার তৃণমূলের বঙ্কিম হাজরার সঙ্গে টক্কর দিচ্ছেন বিজেপির সুমন্ত মণ্ডল। দুই শিবিরের প্রচারে এখন তুঙ্গে সাগর। আজকের এই বিশাল জমায়েত বঙ্কিমবাবুর প্রচারে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours