গঙ্গাসাগরে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে এক মহিলা বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭৬ নম্বর বুথ এলাকায়। আক্রান্ত মহিলার নাম প্রমিলা বেড়া (৬৫)। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ প্রমিলা দেবী নিজের বাড়ির উঠোনে গৃহস্থালির কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী হঠাৎই তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি পরিবারের।
মহিলার চিৎকার ও চেঁচামেচি শুনে বাড়ির সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।আক্রান্ত মহিলা এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। খবর পেয়েই স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁর বাড়িতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। বিজেপির তরফে সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই। এটি মূলত একটি পারিবারিক বিবাদ, যাকে বিজেপি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রামকরচর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অশান্তি এড়াতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।


Post A Comment:
0 comments so far,add yours