আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে আয়োজিত জনসভায়
অভিষেক সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “খেলা আপনারা শুরু করেছেন, আর সেই খেলা শেষ আমরাই করব।” তাঁর দাবি, ৪ তারিখ মানুষের আদালতেই বিজেপির বহিরাগত সংস্কৃতির বিচার হবে।
এদিন স্থানীয় প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি ও শিক্ষক পরিচয় তুলে ধরে অভিষেক জানান, ডায়মন্ড হারবারের মতোই রায়দিঘিকে তিনি বুক দিয়ে আগলে রাখবেন। বিপরীতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুন ও জালিয়াতির অভিযোগ তুলে তাঁকে তীব্র কটাক্ষ করেন। তিনি উপহাস করে বলেন, “আগে জালিয়াতি করলে লোকে জেলে যেত, এখন বিজেপির ওয়াশিং মেশিনে যায়।”
এলাকার উন্নয়নে বড় ঘোষণা করে অভিষেক প্রতিশ্রুতি দেন, আগামী দিনে মথুরাপুরকে নতুন মহকুমা হিসেবে গড়ে তোলা হবে। সব মিলিয়ে, উন্নয়নের রূপরেখা ও রাজনৈতিক হুঁশিয়ারিতে রায়দিঘির মাটি থেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল তৃণমূল নেতার গলায়।


Post A Comment:
0 comments so far,add yours