বৈশাখের প্রথম দিনে যখন বাংলা মেতে উঠেছে উৎসবে আর হালখাতায়, তখন নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ সংলগ্ন বকখালীতে দেখা গেল এক ভিন্ন ও অভিনব ছবি। নতুন পোশাকে নিজেকে সাজানোর বদলে সমাজের ব্রাত্য ভবঘুরেদের নতুন বস্ত্র ও দুপুরের আহারে তৃপ্ত করে নতুন বছরকে বরণ করে নিলেন অমরাবতী গ্রামের বাসিন্দারা।


গত কয়েক দিন ধরে ফ্রেজারগঞ্জের অমরাবতী ক্লাব ঘর প্রধান পাড়া গ্রামে ধুমধাম করে চলছিল ঐতিহ্যবাহী চড়ক মেলা। কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার সেই উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবের রেশ কাটতে না কাটতেই সমাজসেবার কাজে নেমে পড়েন গ্রামবাসীরা। তাঁদের এই উদ্যোগ যেন উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে।
এদিন দুপুরে বকখালী পর্যটন কেন্দ্র ও সংলগ্ন এলাকায় থাকা প্রায় ৩০ জন ভবঘুরেকে দুপুরের আহার এবং নতুন পোশাক তুলে দেন গ্রামবাসীরা। নববর্ষের দিন পেট ভরে খাবার আর নতুন জামা পেয়ে এই অসহায় মানুষগুলোর মুখে যে হাসি ফুটেছে, তাই ছিল উদ্যোক্তাদের শ্রেষ্ঠ পুরস্কার।


গ্রামবাসীরা জানান, চড়ক উৎসব আর নববর্ষ—দুটোই আমাদের প্রাণের উৎসব। কিন্তু উৎসবের পূর্ণতা আসে যখন আমরা সমাজের সবস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারি। বকখালীর এই ভবঘুরে মানুষগুলো সাধারণত উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। তাই তাঁদের একটু আনন্দ দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।


স্টাফ রিপোর্টার  মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours